হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের চান্দাখোলা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দায়ের করা একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “২০২৫ সালের একটি মারামারি ও বিস্ফোরক মামলায় খায়রুজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”