শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলের সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের আলোচনা

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের কলা গাছের তন্তু থেকে পরিবেশবান্ধব টিন টাইলস তৈরির গবেষণা দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কৃষিজ বর্জ্যকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের এ উদ্ভাবনী উদ্যোগে গভীর আগ্রহ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

গবেষক সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন সাজ্জাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ২০২৪ সালে পরিচালিত “কলা গাছের তন্তু থেকে টিন টাইলস” শীর্ষক গবেষণা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী অবগত রয়েছেন এবং গবেষকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে গত ১ জুন সম্ভাব্য সাক্ষাতের তারিখ জানানো হয়। নির্ধারিত সময়ে সাজ্জাদুল ইসলাম তাঁর বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কলা গাছের তন্তু থেকে পরিবেশবান্ধব টিন টাইলস তৈরির গবেষণার অগ্রগতি, এর ব্যবহারিক সম্ভাবনা, পরিবেশ সুরক্ষায় ভূমিকা, শিল্পায়নের সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণার কাজ অব্যাহত রাখতে সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় উৎসাহ প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে ক্ষুদে বিজ্ঞানী সাজ্জাদুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান সময়, আন্তরিকতা ও অনুপ্রেরণা আমার গবেষণাকে নতুন উদ্দীপনা দিয়েছে। দেশের জন্য পরিবেশবান্ধব ও টেকসই উদ্ভাবন নিয়ে কাজ করার ক্ষেত্রে এটি আমার জন্য একটি বড় প্রেরণা। তাঁর উৎসাহ ও দিকনির্দেশনা আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।”

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদের ওপর গবেষণাটির স্টার্টআপ কার্যক্রম ও প্রয়োজনীয় ফান্ডিং-সংক্রান্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। পাশাপাশি গবেষক সাজ্জাদুল ইসলামকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।

এছাড়াও দেশের প্রতিষ্ঠিত ইকো-ফাইবার কোম্পানিগুলো পরিদর্শন এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে পর্যবেক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ গবেষণাটিকে বাস্তবায়নের পথে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষণার সার্বিক কার্যক্রম তদারকি ও পরামর্শ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনজন উপদেষ্টাকে দায়িত্ব প্রদান করেছেন। তাঁরা হলেন—

১. শেখ ফরিদুল ইসলাম, প্রতিমন্ত্রী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়;
২. ড. এস এম আব্দুল আওয়াল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর প্রধান সমন্বয়ক, প্রধানমন্ত্রীর কার্যালয়;
৩. রেহান আসিফ আসাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের কৃতি সন্তান সাজ্জাদুল ইসলাম কৃষক পরিবারের সন্তান। প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও নিজের মেধা, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে তিনি কলা গাছের তন্তু দিয়ে পরিবেশবান্ধব টাইলস এবং পচনশীল পলিথিন উদ্ভাবন করে ইতোমধ্যে দেশজুড়ে আলোচনায় এসেছেন।

বিশেষজ্ঞদের মতে, কলা গাছের তন্তু ব্যবহার করে পরিবেশবান্ধব টিন টাইলস তৈরির এ গবেষণা সফল হলে দেশের সবুজ শিল্পায়ন, টেকসই নির্মাণসামগ্রী উৎপাদন এবং কৃষিভিত্তিক উদ্ভাবনে নতুন দিগন্তের সূচনা হবে। পাশাপাশি কৃষিজ বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের একটি অনন্য উদাহরণ হিসেবে এ গবেষণা দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হওয়ার সুযোগকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে সাজ্জাদুল ইসলাম বলেন, “আজকের এই স্মরণীয় দিনটি উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁর সহযোগিতা ও উৎসাহ দেশের তরুণ গবেষক ও উদ্ভাবকদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়