স্পোর্টস ডেস্ক : ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে মালদ্বীপকে হারাতে বড় ভূমিকা রাখেন সুমল তঞ্চঙ্গ্যা। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন সোহাগ আলী ও সুমল।
পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ ৩৯-১৭ গোলে হারিয়েছে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দলকে। টানা দুই জয়ে বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।
১৩ জুন শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ এ রানার্স আপ ইয়েমেনের সঙ্গে। অন্য সেমিফাইনালে গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ বি রানার্স আপ মালদ্বীপ।
এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত। ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।