শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১০:৫৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাপের দোয়া নয়, ক্রিকেটের দোয়া অর্জন করতে চাই: তামিম ইকবাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। সভাপতি নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

সেখানে ব্যক্তিগত ট্যাগ, দায়িত্ববোধ, ক্রিকেট প্রশাসন, নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই তামিম নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

শুরুতেই তামিম বলেন, ‘আমি আগেও বলেছি, আজও একই কথা বলছি—যারা নির্বাচিত হয়েছেন, তাদের অনেকের সঙ্গে আজই আমার প্রথম পরিচয়।

তবে ব্যক্তিগত পরিচয় বা পরিচিতি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি পরিচালনা পর্ষদের বৈঠকেও স্পষ্ট করে বলেছি, আমাদের সবার দায়িত্ব একটাই—বাংলাদেশ ক্রিকেটের সেবা করা এবং এটিকে আরও এগিয়ে নেওয়া।

আমাদের ২৫ জন পরিচালকের উদ্দেশ্য যদি সঠিক থাকে এবং আমরা যদি একই লক্ষ্য নিয়ে কাজ করতে পারি, সেটাই হবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি।’
সবার সহযোগিতায় তামিম বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, ‘গত দেড়-দুই বছরে বাংলাদেশ ক্রিকেট অনেক চ্যালেঞ্জ ও নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে।

আমি আন্তরিকভাবে আশা করি, আজকের নির্বাচনের পর আমরা সবাই মিলে একটি ইতিবাচক পথে এগিয়ে যেতে পারব এবং বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে। আমরা ভুল করব, সেই ভুল থেকে শিখব, আবার সঠিক সিদ্ধান্তও নেব। কিন্তু কোনো অবস্থাতেই ক্রিকেটের স্বার্থের সঙ্গে আপস করা হবে না।’

এই পথ চলায় সাংবাদিকদের সহযোগিতাও চাইলেন তামিম। তিনি বলেন, ‘আমরা যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা সমালোচনা করবেন। এটা আপনাদের অধিকার। গঠনমূলক সমালোচনা আমাদের ভুল শুধরে নিতে এবং আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করবে। গত এক-দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমি একা ঠিক করতে পারব না। মিডিয়া, বোর্ড, ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই চাই বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে দেখা হোক।’

সংবাদ সম্মেলনে বিস্তারিত পরিকল্পনার কথা জানাননি তামিম। ভবিষ্যতে ধাপে ধাপে পরিকল্পনা জানাবেন বলে উল্লেখ করেন দেশসেরা এই ওপেনার, ‘সময় অনুযায়ী ধাপে ধাপে আমার পরিকল্পনা এবং আমি কী করতে চাই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাডহক কমিটির সময় থেকেই কিছু কাজের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, এখন সেগুলো দ্রুত শেষ করতে পারব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যে সিদ্ধান্তই নিই বা যে পদক্ষেপই গ্রহণ করি, আপনারা অবশ্যই তা জানবেন। কারণ আমি বিশ্বাস করি, মিডিয়া এই পুরো ক্রিকেট ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ।’

বিসিবির গঠনতন্ত্রের ফাঁকফোকর গলে নানা সময়ে স্বার্থ হাসিল করার সুযোগ পাচ্ছে বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদ। ভবিষ্যতে সব কাউন্সিলরের মাধ্যমে গঠনতন্ত্র পরিবর্তন করা যায় কি না, সেই বিষয়টিও দেখবেন বলে জানান তামিম, ‘আমি নিশ্চিত, গঠনতন্ত্রে এমন কিছু বিষয় বা দুর্বলতা আছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। যদি সবাই একমত হয় এবং বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে পরিবর্তন দরকার হয়, তাহলে অবশ্যই আমরা সে বিষয়ে আলোচনা করব। এখানে শুধু বোর্ডের সিদ্ধান্তই যথেষ্ট নয়। আমাদের কাউন্সিলরদেরও একমত হতে হবে। তাই আগে সবার সঙ্গে আলোচনা করে কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে, সেটি চিহ্নিত করতে হবে।’

স্বচ্ছতার প্রশ্নেও আপস করবেন না বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমরা যতটা সম্ভব স্বচ্ছ থাকার চেষ্টা করব। আমি চাই না এমন কোনো কাজ হোক, যার কারণে বোর্ড বিতর্কের জন্ম দেয়। আমার পক্ষ থেকে এবং পুরো বোর্ডের পক্ষ থেকে বলতে পারি, আমরা সর্বোচ্চ সততা নিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা মানুষ, তাই ভুল হবেই। কিন্তু সেই ভুল কত দ্রুত আমরা সংশোধন করতে পারি, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্ষমতাসীনদের দাপট বরাবরই ছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাগ বসেছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছেন, এটা তাদের ব্যক্তিগত মতামত। এখন দেখা যাক, ‘বাপের দোয়া’র চেয়ে ক্রিকেটের দোয়া অর্জন করতে পারি কি না।’ উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়