মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।
আজ রোববার ৭ জুন বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদে শোক প্রস্তাব পাশের পর একমিনিট দাঁড়িয়ে নিরবতা ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব চলছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।
এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই বাজেট অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল। বিরোধীদল নানা ইস্যুতে কয়েকবার সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করে।