শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৫০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে বারবার মাইক বিভ্রাট: প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ, দুই কারণ তুলে ধরলেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে দুই দিন মাইক বিভ্রাটের কারণে মুলতবির ঘটনা ঘটল। আজ রোববার দ্বিতীয় দিনের মতো এমন পরিস্থিতি তৈরি হওয়ায় মাইক বিভ্রাটের প্রকৃত সত্য জানাতে সংসদ সচিবকে তদন্তের নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন চলাকালে তিনি নিজেই দুটি কারণ উল্লেখ করেন।

রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদে বারবার এমন ঘটনা রাষ্ট্রের জন্য ‘অত্যন্ত কলঙ্কজনক’ বলে উল্লেখ করেন স্পিকার।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি তদন্ত করে প্রকৃত সত্য জানানোর জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ এই সংসদে বারংবার বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক।’

এর আগে মাইক বিভ্রাট শুরু হলে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করেন স্পিকার। তিনি জানান, প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।

মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে মাইক বিভ্রাট নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় দুটি কারণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর ক্ষুব্ধ ও ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে তছনছ করে। এ কারণেই ক্রমাগত মাইকে বিভ্রাট দেখা দিচ্ছে।

স্পিকার বলেন, আরেকটি কারণ হলো—ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২২ সালে এই সিস্টেম স্থাপন করা হয়। স্থাপনের সময় এর আদৌ কোনো ওয়ারেন্টি ছিল কি না, এর কার্যকারিতার সময়কাল-সম্পর্কিত কোনো ডকুমেন্ট সংসদে পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে, অত্যন্ত হেলাফেলার সঙ্গে এই বিশাল কাজটি সম্পাদন করার চেষ্টা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

এরপরই সংসদ সচিবকে এ ঘটনার প্রকৃত সত্য তদন্ত করে জানানোর বিষয়টি উল্লেখ করেন স্পিকার।

এর আগে যা ঘটেছিল

আজ জাতীয় সংসদের চলমান অধিবেশন বিকেল ৫টা ৫৬ মিনিটে ৪০ মিনিট মুলতবির ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে ৭টা ১৪ মিনিটে পুনরায় অধিবেশন শুরু হয়।

অধিবেশনে চারটি বিল পাসের পর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তৃতা করতে দাঁড়ান। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুমোদন বিলে বিরোধী দল ‘হ্যাঁ’ ভোট না দেওয়ায় সমালোচনা করেন। এ সময় বিরোধী দল প্রতিবাদ করলেও চিফ হুইপ বক্তব্য চালিয়ে যান।

চিফ হুইপ বলেন, ‘চাকরির জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, কিন্তু বিরোধী দল বয়স বৃদ্ধির বিলে সমর্থন না করায় বিস্মিত হয়েছি।’

এ সময় সরকার দলের এমপিরা এতে সমর্থন করেন। দুই পক্ষের হট্টগোলে নূরুল ইসলামের বক্তৃতা শুনতে না পেয়ে স্পিকার চিফ হুইপের উদ্দেশে বলেন, ‘বক্তব্য শোনা যাচ্ছে না, বসে পড়ুন।’

এ সময় সংসদ সদস্যরা সমস্বরে জানান, তাঁরা স্পিকারের কথা শুনতে পাচ্ছেন না। তখন হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তাহলে মুলতবি করে দিই।’

এরপরই মাইক মেরামত ও নামাজের জন্য অধিবেশন ৪০ মিনিট মুলতবি করার ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আবারও স্পিকারের মাইক কাজ করছে না। সদস্যবৃন্দ, আপনাদেরও মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।’

এরপর সংসদের কর্মকর্তারা শব্দব্যবস্থা পরীক্ষা করেন। যা প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। পরে আবার অধিবেশন শুরু হলে মাইক বিভ্রাট নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি প্রকৃত ঘটনা তদন্তে সংসদ সচিবকে নির্দেশ দেওয়ার কথা জানান।

চলতি সংসদের প্রথম দিন গত ১২ মার্চও মাইক বিভ্রাটের কারণে প্রায় ৪০ মিনিট অধিবেশন বন্ধ ছিল। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়