শিরোনাম
◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদায় নিচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যাডোবি। দীর্ঘদিনের পরিচিত টুডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করে দেওয়া হচ্ছে।

সোমবার অ্যাডোবি তাদের সাপোর্ট সাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি গ্রাহকদের ইমেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর চালু থাকবে না।

তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা ছাড় থাকছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্য গ্রাহকেরা সহায়তা পাবেন আগামী বছরের মার্চ পর্যন্ত।

এই ঘোষণায় ক্ষোভ ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে। অনেকেই হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। তাদের অভিযোগ, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।

অ্যাডোবি তাদের এক প্রশ্নোত্তর পাতায় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে। কিন্তু প্রযুক্তির ধারা বদলাচ্ছে। নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি ব্যবহারকারীর চাহিদা ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা মেনেই সফটওয়্যারটির সমর্থন বন্ধের পরিকল্পনা।

বিশ্লেষকেরা বলছেন, অ্যাডোবির বর্তমান মনোযোগ এখন এআই–সমৃদ্ধ পণ্যের দিকে। অ্যানিমেট সেই নতুন দিকনির্দেশনার সঙ্গে আর মানানসই নয়।

অবাক করা বিষয় হলো, অ্যানিমেটের পূর্ণ বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো সফটওয়্যারও সুপারিশ করতে পারেনি অ্যাডোবি। বরং তারা বলছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকেরা অন্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে অ্যানিমেটের কিছু কাজের বিকল্প পেতে পারেন।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, জটিল কী–ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল ব্যবহার করা যেতে পারে। আর সহজ অ্যানিমেশন ইফেক্টের জন্য অ্যাডোবি এক্সপ্রেস কাজে লাগতে পারে।

এর আগে থেকেই ইঙ্গিত মিলছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।

অ্যাডোবি জানিয়েছে, যাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা আপাতত ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সফটওয়্যারটির মাসিক মূল্য ছিল ৩৪ দশমিক ৪৯ ডলার। বার্ষিক চুক্তিতে তা কমে ২২ দশমিক ৯৯ ডলার হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়