শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মনিরুল ইসলাম: বর্তমান সরকার দেশের সুষম ও সম-উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো গঠনমূলক সমালোচনা থাকলে তা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের কর্মপরিধি ও এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকলেও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের জন্য সংবিধান বা আইনে আলাদা কোনো নির্বাচনী এলাকা নির্ধারিত নেই। তবে রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের কাজের জন্য নির্দিষ্ট কিছু এলাকা নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং নারী সংসদ সদস্য—উভয়েরই কাজ করার অধিকার রয়েছে। তিনি বলেন, “উন্নয়নের বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আপনার এলাকার উন্নয়নে আমার সহযোগিতা প্রয়োজন হলে জানাবেন, আমি সরাসরি সহযোগিতা করার চেষ্টা করব।”

পরে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের সম-উন্নয়ন এবং বিরোধী দলের প্রতি সরকারের সহযোগিতামূলক মনোভাবের কথা তুলে ধরেন।

তিনি বলেন, কয়েকদিন আগে সংসদ পরিচালনা-সংক্রান্ত কমিটির এক বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেছিলেন যে, ঈদের আগে এলজিইডির কিছু সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য পাননি। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেন, যাতে বঞ্চিত কোনো সংসদ সদস্য থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

তারেক রহমান বলেন, “বর্তমান সরকার দেশের সম-উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের সংসদ সদস্যরা যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন, বিরোধী দলের সংসদ সদস্যদের ক্ষেত্রেও সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে। আমরা সবার জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করব।”

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পরও সরকারি দলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমার মনে হয় এ বিষয়ে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সবেমাত্র শুরু হয়েছে, দেখা যাক কী হয়।”

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের ভোটে নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। তাই যদি কোনো গঠনমূলক সমালোচনা থাকে, আমরা তা অবশ্যই গ্রহণ করব এবং সে অনুযায়ী পদক্ষেপ নেব।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়