শিরোনাম
◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু কবিতা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা, মানববন্ধনে খুনিদের ফাঁসির দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতা ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঝড় বইছে। মানবিক বিবেককে নাড়িয়ে দেওয়া এ ঘটনার বিচার দাবিতে রোববার (৩ মে) বাদ জোহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গেরদা ইউনিয়নের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা “খুনিদের ফাঁসি চাই”, “শিশু হত্যার বিচার চাই”, “ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স”সহ বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকা জুড়ে ছিল শোকাবহ পরিবেশ, পাশাপাশি ন্যায়বিচারের দাবিতে ছিল দৃঢ় প্রত্যয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু কবিতার উপর চালানো নির্যাতন ও হত্যাকাণ্ড সভ্য সমাজের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি—ফাঁসি কার্যকরের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ঘটে যাওয়া এ ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)। বর্তমানে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, গেরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাস্টার, বিএনপি নেতা মিলন মেম্বার, সমাজসেবক দেলোয়ার হোসেন, “মানুষ মানুষের জন্য” সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদ ইসলাম এবং বাখুন্ডা ব্লাড ব্যাংকের সভাপতি মিয়া রোমানসহ আরও অনেকে।

এসময় বক্তারা অবিলম্বে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকবেন বলে ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়