শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ শিশুর কান্না, মায়ের কবরের পাশে হৃদয়বিদারক দৃশ্য—প্রশাসনের হস্তক্ষেপ

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের শিকার এক এতিম শিশুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শিশুটির কান্নার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনমনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং দ্রুত প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎ মা আয়েশা আক্তার উপস্থিত হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে মুচলেকা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২ বছর বয়সী ছামিয়া আক্তার উপজেলার পোহনকুছা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। প্রায় চার বছর আগে তার মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতিতে সৎ মায়ের সঙ্গে বসবাস করতে গিয়ে শিশুটি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সৎ মা প্রায়ই তাকে মারধর করতেন। এমনকি সম্প্রতি টানা দুই দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতনের ঘটনাও ঘটে। বিষয়টি বাবাকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটি তার মায়ের কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে আকুতি জানাচ্ছে—“আম্মু গো, আমাকে নিয়ে যাও… আমাকে কেন রেখে গেলে…”

হৃদয়বিদারক এই দৃশ্য দ্রুতই মানুষের সহানুভূতি কাড়ে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দেন। বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ইউএনও জানান, অভিযুক্ত আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়