শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরকে ঘিরে চাঁদাবাজি, দালালি ও অনিয়ম সংক্রান্ত ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অপপ্রচারের মুখে পড়েছেন যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধি কামাল হোসেন। অভিযোগ উঠেছে, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বিকৃত ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বন্দর সূত্র জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন এক ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ১০ সেপ্টেম্বর সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। তদন্ত প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৪ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

অভিযোগ রয়েছে, মামলা ও চার্জশিটের পরও সংশ্লিষ্টরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং প্রকাশ্যে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে গত ২০ জানুয়ারি দুপুরে বেনাপোল রহমান চেম্বারের দি সান রুফে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। সেখানে ব্যবসায়ী নেতারা চাঁদাবাজি, পাসপোর্ট দালালি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই একটি মহল ক্ষুব্ধ হয়ে সাংবাদিক কামাল হোসেনকে লক্ষ্য করে অপপ্রচার শুরু করে বলে অভিযোগ উঠেছে। তাদের দাবি, সংবাদ সম্মেলন ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তাদের সম্মানহানি করা হয়েছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান মতি ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ সংগঠনের নেতা কর্মীরা বলেন, বন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়ার পথ সংকুচিত হয়ে পড়ায় ওই চক্র সাংবাদিক কামালের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তার প্রতিবেদনের কারণে আগের মতো প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া সম্ভব হচ্ছে না বলেই তারা সংগঠিতভাবে প্রতিশোধমূলক প্রচারণায় নেমেছে।

অভিযোগ রয়েছে, নামসর্বস্ব নিউজ পোর্টাল, ভুয়া ফেসবুক আইডি ও অজ্ঞাত পরিচয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। বিকৃত তথ্য পরিবেশন, ভিত্তিহীন অভিযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিষয়টি নজরে আসার পর কামাল হোসেন যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ জিডিভুক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কামাল হোসেন দীর্ঘ এক যুগ ধরে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অনুসন্ধানী প্রতিবেদন ও বন্দরকেন্দ্রিক নানা ইস্যুতে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সংবাদকর্মীর বিরুদ্ধে সংগঠিত অপপ্রচার কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও চাপ সৃষ্টি করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়