শিরোনাম
◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস–গুন্ডামির রাজনীতি শেষ, ব্যালটের রায় রক্ষা করবে জনগণ: মামুনুল হক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ মামুনুল হক বলেছেন, 'বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাস, গুন্ডামি ও মাস্তানতন্ত্রের কোনো জায়গা থাকবে না। ভোটকেন্দ্র দখল করে কিংবা ভয়ভীতি দেখিয়ে জনগণের ব্যালটের রায় ছিনতাই করার যুগ শেষ হয়ে গেছে। কেউ যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে।'

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “যারা গুন্ডা, সন্ত্রাসী ও মাস্তান দিয়ে ভোটের ফল পাল্টে দেওয়ার স্বপ্ন দেখছে, তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই—জনগণ আর এসব মেনে নেবে না। যদি কেউ ব্যালটের রায় ছিনিয়ে নিতে আসে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেবে।” তিনি জনগণের অধিকার রক্ষায় সচেতন ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের সম্পদ লুটপাটকারী চাটার দল আজ নিরাপদ আশ্রয়ে বসে আছে। অথচ সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। “যারা একটি নিরাপদ বাংলাদেশ চান, যারা শান্তিতে ঘরে ফিরতে চান, যারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান—তাদের রিকশায় উঠতে হবে,”—প্রতীকী ভাষায় বলেন মামুনুল হক। তার ভাষ্য অনুযায়ী, রিকশা প্রতীকই জনগণের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর প্রতীক। তিনি বলেন, দেশের মানুষ অনেক দুর্ঘটনা দেখেছে, আর নতুন করে কোনো দুর্ঘটনা দেখতে চায় না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে রিকশা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

জনসভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা হামজালা, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিতু মুন্সি, সদরপুর শাখার সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান ফরিদীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই ফরিদপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন। পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে জনসভার আয়োজন করা হয়।

নেতারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সরাসরি অংশগ্রহণ ও সুষ্ঠু ভোটই পারে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। তাঁরা ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়