শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

পাবনায় কারাগারে বন্দি আশির ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী (৬৬) মারা গেছেন। 

রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলা ও বিনা চিকিৎসার অভিযোগ তোলা হয়েছে।

পাবনা জেলা কারাগার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এদিকে, প্রলয় চাকীর মৃত্যুতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ছেলে। তিনি বলেন, আমার বাবা আগে থেকেই হার্টের রোগী ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরও তাকে সিসিইউতে না রেখে হাসপাতালের সাধারণ প্রিজনার সেলে রাখা হয়েছিল। সেখানে হাঁটাচলা নিষেধ থাকলেও তাকে দিয়ে নানা কাজ করানো হতো, যা তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায়। মূলত কর্তৃপক্ষের অবহেলা ও সঠিক চিকিৎসার অভাবেই আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা বিনা চিকিৎসায় আমার বাবার মৃত্যুর বিচার দাবি করছি।

প্রলয় চাকির স্বজনরা আরও অভিযোগ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। এজন্য তিনি বাড়িতেই থাকতেন। তাকে মামলা দায়েরের প্রায় এক বছর পর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে মামলার আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক রোববার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রলয় চাকী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কারাগারে থাকাকালে তিনি হঠাৎ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে  দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। 

জেল সুপার মো. ওমর ফারুক শিল্পী প্রলয় চাকীর পরিবারের করা অভিযোগ অস্বীকার করেন। 

প্রলয় চাকী দেশের একজন বরেণ্য সংগীতশিল্পী ও পরিচালক ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে তিনি ও তার ভাই মলয় চাকী বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ এবং  ‘ইত্যাদি’ সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

প্রলয় চাকীর মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনসহ সব মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়