শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:২১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতার চাপে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যেতে প্রতিটি গাড়িকে অন্তত ৩০–৩৫ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এলিফ্যান্ট রোড–নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

আরও দেখা গেছে, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে ইতোমধ্যে জমে উঠেছে রাজধানীর অন্যতম ব্যস্ত এই পোশাক বিপণিবিতান এলাকা। বিভিন্ন শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। রঙিন বাতিতে সাজানো হয়েছে এসব শপিংমল ও বিপণি বিতানগুলো।

সন্ধ্যার পর থেকেই নিউমার্কেট এলাকার প্রধান সড়ক, গাউসিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের অলিগলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। আবার কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে।

এদিকে ব্র্যান্ড শপগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সাধারণ দোকান ও ফুটপাতের দোকানগুলোতেও মানুষের ভিড় বেশ লক্ষ্য করা গেছে। কেউ দেখছেন, আবার কেউ কিনছেন।

ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হওয়ার পর প্রথম সপ্তাহে তুলনামূলক কম ক্রেতা থাকলেও এখন ধীরে ধীরে ভিড় বাড়ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা।

এলিফ্যান্ট রোড এলাকার জুতা ব্যবসায়ী সোহাগ ঢাকা পোস্টকে বলেন, এবার ক্রেতা সমাগম একটু কম দেখছি। সন্ধ্যার পর থেকে মাত্র তিন জোড়া জুতা বিক্রি করতে পেরেছি। অন্যান্য বছরগুলোতে এমন সময়ে অনেক বেশি ক্রেতা থাকত।

ঢাকা কলেজের সামনে গ্লোব মার্কেটের প্যান্ট ব্যবসায়ী রুবেল ঢাকা পোস্টকে বলেন, রোজার শুরুতে বেচাকেনা একটু কম ছিল। তবে গত দুই-তিন দিন ধরে ক্রেতা বাড়তে শুরু করেছে। শুক্রবার হওয়ায় আজ ভিড় আরও বেশি। সামনে ঈদের সপ্তাহে অনেক বেশি বেচাকেনা হবে বলে আশা করছি।

কেনাকাটা করতে আসা ক্রেতা আজমল ফুয়াদ বলেন, অফিস ও অন্যান্য ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারিনি। তাই আজ শুক্রবার ওয়াইফকে নিয়ে মার্কেটে এসেছি। এখনই অনেক ভিড়। সামনে আরও বেশি হবে বলে মনে হচ্ছে।

এদিকে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় যানজটও বেড়েছে। বিশেষ করে এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও নিউমার্কেট এলাকার সড়কগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এলিফ্যান্ট রোড মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যেতে প্রতিটি গাড়িকে অন্তত ১৫ মিনিট এবং সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যেতে অন্তত ৩০–৩৫ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব এলাকায় বেশ ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও ঈদের কেনাকাটার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকা। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই এই এলাকায় ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়